ক্রিকেট নিয়ে কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। এরই মধ্যে এই আসরে অংশ নিতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতে আর বাংলাদেশের দর্শকদের উৎসাহ দিতে দেশে তিনটি কনসার্টের আয়োজন করা হচ্ছে। ‘বিসিবি ওয়ার্ল্ড কাপ ২০১৫ কিক অফ কনসার্ট’ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবির অন্যতম পরিচালক শেখ সোহেল জানান, প্রথম কনসার্টটি হবে ১১ ফেব্রুয়ারি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। এই কনসার্টে গান করবেন মমতাজ এবং একটি ব্যান্ড। মাকসুদ ও তাঁর ঢাকা ব্যান্ডের সঙ্গে আলোচনা হচ্ছে। কনসার্ট শুরু হবে বেলা দুইটায়। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে কনসার্ট হবে ১২ ফেব্রুয়ারি। এই কনসার্টে গান করবে এলআরবি ও ওয়ারফেজ। ১৩ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কনসার্ট শুরু হবে বেলা তিনটায়। ছয় ঘণ্টার এই কনসার্টে গান করবেন মমতাজ, বাপ্পা মজুমদার, মাইলস, এলআরবি ও ওয়ারফেজ। ঢাকায় কনসার্ট আয়োজনে সহযোগিতা করছে ব্লুজ কমিউনিকেশন। এই প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ঢাকায় ‘বিসিবি ওয়ার্ল্ড কাপ ২০১৫ কিক অফ কনসার্ট’-এর টিকিটের দাম ১০০ টাকা। শেখ সোহেল আরও জানান, বাংলাদেশের ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতে আর বাংলাদেশের দর্শকদের উৎসাহ দিতে এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় প্রচারণামূলক নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আর তা শেষ হবে ঢাকার কনসার্টের মধ্য দিয়ে।